সিলেট প্রতিনিধি: সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সৈয়দ তাওহিদুজ্জামান জাকির ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার, ৭ জানুয়ারি ২০২৪, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সৈয়দ তাওহিদুজ্জামান জাকি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, আজ নির্বাচনের দিন জাকি সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দি এইডেড হাই স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে দুপুর ১২টার দিকে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। প্রায় ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও স্টিলের পাইপ নিয়ে তাকে ঘিরে ধরে মারধর করে। হামলাকারীরা স্টিলের পাইপ দিয়ে তার বাম হাত ও মাথায় আঘাত করে। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান। হামলার একপর্যায়ে হামলাকারীরা তার পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরার ব্যাগের মধ্যে থাকা ক্যামেরার বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম ও অন্যান্য মূল্যবান সামগ্রীও জোরপূর্বক নিয়ে যায়। এ সময় আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত সাংবাদিক সৈয়দ তাওহিদুজ্জামান জাকিকে উদ্ধার করে সিলেটের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন। এখনও তার অবস্থা আশঙ্কা জনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন আমাদের সিলেট প্রতিনিধিকে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহত সাংবাদিক সৈয়দ তাওহিদুজ্জামান জাকির খোঁজখবর নিয়েছেন। তবে আহতের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

